
বগুড়ায় হানিফ পরিবহনে ৩৩৫ গ্রাম হিরোইনসহ আটক ২
জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে ঢাকা থেকে পঞ্চগড়গামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩৩৫ গ্রাম হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
এ সময় তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি বাটন মোবাইল ফোন, ২টি সিমকার্ড এবং নগদ ১ হাজার ৩৪৫ টাকা জব্দ করা হয়।
বুধবার (২৪ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন নিউ সৌখিন হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করে র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হিরোইন বহন করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনায় ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়।
অভিযানের সময় ঢাকা মেট্রো-ব ১৫-২৯৬৫ নম্বরের হানিফ পরিবহনের বাসটি চেকপোস্টে থামিয়ে যাত্রীদের নামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় রংপুর জেলার কোতয়ালী থানার কলেজ রোড লালবাগ কেডিসি এলাকার মো. রুমন মিয়া (৪২) এবং তাজহাট থানার আলহাজনগর এলাকার মো. আব্দুল কাদেরকে (২৩) দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ৩৩৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
আটক দুজনকে জব্দকৃত আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।