
বগুড়ার অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার
জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সদর থানার একটি অপহরণ মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২৭ জুন) মুন্সিগঞ্জ সদর উপজেলার পৃথক দুটি অভিযানে এ সাফল্য অর্জন করে র্যাব-১২, সিপিএসসি বগুড়া ও র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল।
গ্রেপ্তার হওয়া আসামি হলেন মো. সোহানুর রহমান (২৫)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার শাহাপুর গ্রামের মৃত মাহাবুব আলম বেলালের ছেলে।
র্যাব জানায়, বগুড়া সদর থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহার অনুযায়ী, গত ২০ জুন সকাল সাড়ে ১০টার দিকে ১৬ বছর বয়সী এক কিশোরী প্রাইভেট পড়তে সিএনজিযোগে বগুড়া শহরের উদ্দেশে রওনা দেয়। পরে নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন, দত্তবাড়ী সিএনজি স্টেশনের সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা সোহানুর রহমান ও তার সহযোগীরা জোরপূর্বক ওই কিশোরীকে একটি সিএনজিতে তুলে নিয়ে অপহরণ করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, গ্রেপ্তার এড়াতে সোহানুর রহমান মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় আত্মগোপন করে রয়েছেন। এ তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক আরেকটি অভিযানে মুন্সিগঞ্জ সদর উপজেলার মাঠপাড়া এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।