
বাসাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিপন খান (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন ওই এলাকার তালেব খানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা, মাদক বিক্রির ২৮ হাজার ৫০০ টাকা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রিপন খানের বিরুদ্ধে বাসাইলসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা বিচারাধীন রয়েছে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও জুয়া নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।