
বাসাইলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা মডেল মসজিদ হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাসাইল উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাসাইল উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি হাফেজ মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, ‘তোমাদের এই কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সামনে এগিয়ে যেতে জীবনে নানা ধরনের প্রতিবন্ধকতা আসবে। কিন্তু সব বাধা অতিক্রম করে লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, একই সাথে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবিচল থেকে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা, যোগ্যতা ও সামর্থ্য কাজে লাগিয়ে আত্মনিয়োগের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মোঃ আফজাল হোসেন, সেক্রেটারি আমিনুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মেহেদী হাসান খান, হাফেজ শাহ আলম ও কাশিল ইউনিয়নে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মানিক মোহাম্মদ তোহাসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগায়। তবে অ্যাকাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিক চরিত্র, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা অর্জনও সমান গুরুত্বপূর্ণ।
তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের শিক্ষক, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, প্রশাসক, উদ্যোক্তা ও রাষ্ট্রের নেতৃত্বে আসবে। তাই নিজেদের মেধা ও যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
আলোচনা শেষে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।