
বাসাইলে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ১
মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী মামলার এক আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২২ জুন) আইনি প্রক্রিয়া শেষে তাদের পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বাসাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল মিয়াকে (২৮) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বাসাইল থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের (২০০৯ সালের ৬(২)(উ)/১০/১২ ধারা) একটি মামলার (নং-০৫, তারিখ: ১৩/১১/২০২৫) আসামি।
অন্যদিকে, মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে আরও তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে এ কে কে ফিলিং স্টেশনের সামনে থেকে ৭ পিচ ইয়াবাসহ সোহাগ খানকে (৩৫) এবং বাসাইল পূর্বপাড়া এলাকা থেকে ৫ পিচ ইয়াবাসহ শাহ আলম বেপারী (৩৮) ও আশিক মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা (নং-০৮ ও ০৯) রুজু করা হয়েছে।
বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।