
ব্রাহ্মণবাড়িয়ায় কাঁঠাল ও ডিমের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত।
নার্গিস আক্তার
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি কাঁঠালবাহী ট্রাক এবং একটি ডিমবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ডিমের ট্রাকটির চালক গুরুতরভাবে আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ (বুধবার) ইব্রাহিমপুর এলাকার প্রধান সড়কে বিপরীত দিক থেকে আসা একটি কাঁঠাল বোঝাই ট্রাক এবং ডিম বোঝাই ট্রাকের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দুটি ট্রাকের সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়।
এ সময় ডিমের ট্রাকটির চালক গাড়ির ভেতরেই চাপা পড়েন। দুর্ঘটনার পর ট্রাকে থাকা শত শত ডিম রাস্তায় ভেঙে পড়ে পুরো এলাকায় এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ডিমের ট্রাকের চালককে উদ্ধার করে।হঠাৎ বিকট শব্দ শুনে আমরা দৌড়ে আসি। এসে দেখি দুটি ট্রাক একটির ভেতর আরেকটি ঢুকে গেছে। ডিমের চালক ভেতরে আটকে রক্তাক্ত অবস্থায় চিৎকার করছিলেন। আমরা সাধ্যমতো চেষ্টা করে তাকে বের করি।”
আহত চালককে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার কারণে সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হলেও, পুলিশ দ্রুত দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে সড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্তে কাজ করছে।