
মাওয়ার দেলোয়ার একাডেমিতে দুঃসাহসিক চুরি উধাও ৫ ল্যাপটপ
আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় একটি কোচিং ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৫টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।এ ঘটনায় পদ্মা সেতু (উত্তর) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানের পরিচালক দেলোয়ার হোসেন।অভিযোগ সূত্রে জানা যায়,মাওয়া চৌরাস্তার পাশে কৃষি ব্যাংক ভবনে অবস্থিত দেলোয়ার একাডেমি’গত ৭ জুলাই রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে তালাবদ্ধ করে সবাই চলে যান।পরদিন ৮ জুলাই সকাল ৯টার দিকে প্রশিক্ষক কেন্দ্রে এসে কক্ষ খুলে দেখতে পান,ভেতরে থাকা ৫টি ল্যাপটপ নেই।
চুরি হওয়া ল্যাপটপগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালক দেলোয়ার হোসেন জানান,মূল গেটের তালা অক্ষত ছিল।তবে কিচেন রুমের অ্যাডজাস্ট ফ্যানের ফাঁকা অংশ দিয়ে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ঘটনাস্থলের সম্ভাব্য প্রবেশপথে হাতের আঙুলের ছাপও পাওয়া গেছে বলে তিনি দাবি করেন।তিনি বলেন,বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে।এ ঘটনায় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
দেলোয়ার হোসেনের দাবি,পরিকল্পিতভাবে চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে।
তিনি দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্তের দাবি জানান।পাশাপাশি চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার এবং দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
স্থানীয়রা জানান,এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির কয়েকটি ঘটনা ঘটেছে।এ কারণে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি উঠেছে।পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশ অভিযোগ গ্রহণ করেছে।পুলিশ জানিয়েছে,ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।