
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ওসি শহীদুল ইসলামের নেতৃত্বে এক মাসে গ্রেফতার ১২০ জন।
(আব্দুর রহমান : স্টাফ রিপোর্টার)
কুষ্টিয়ার মিরপুর উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে রয়েছে মিরপুর থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে পরিচালিত বিশেষ অভিযানে এক মাসে ১২০ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় দিনরাত পরিচালিত হচ্ছে বিশেষ চিরুনি অভিযান। পুলিশের একাধিক টিম মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন স্পটে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা, গোপন সংবাদের যাচাই এবং মাদকের আখড়াগুলোতে ধারাবাহিক অভিযানের ফলেই অল্প সময়ে এই সাফল্য এসেছে। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
মিরপুর থানার ওসি শহীদুল ইসলাম বলেন,”মাদকের সঙ্গে কোনো আপস নেই। মিরপুর উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের অভিযান চলবে। অপরাধী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”
এদিকে মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্যের কারণে ওসি শহীদুল ইসলামের কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সচেতন মহলের মতে, অপরাধ দমনে কঠোর অবস্থান এবং নিয়মিত অভিযানের কারণে তার ভূমিকা ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।
পুলিশের এমন কঠোর ও ধারাবাহিক অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল। তাদের প্রত্যাশা, মাদক নির্মূলে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।