
শনিবার ফেনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।
১,১৩৮ কেন্দ্রে আড়াই লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা
সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ফেনী জেলায় আগামী ২৮ জুন (শনিবার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ১ হাজার ১৩৮টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে। এ বছর জেলার ২ লাখ ৫৩ হাজার ৪৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
ফেনী সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব হোসাইন জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার ৪৭৩ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ১২ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ক্যাম্পেইন পরিচালিত হবে। শিশুদের বয়স অনুযায়ী ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি অভিভাবকদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শও দেওয়া হবে।
সিভিল সার্জন আরও জানান, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নে জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যাপ্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল ইতোমধ্যে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। তবে অসুস্থ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।