
সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান
মোঃ হামিদুর রহমান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত দিয়ে তিন শিশুসহ ৯ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। বর্তমানে ওই ৯ জন ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলার আদাতলা ইউনিয়নের উত্তর পাতাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ২৪৪/এমপি পিলার এলাকা দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জনকে (৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু) বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খবর পেয়ে আদাতলা বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। বিজিবির কড়া অবস্থানের কারণে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। কোনো অবস্থাতেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।”
উল্লেখ্য, এর আগে গত ৫ ও ৮ জুন নওগাঁর পোরশা ও সাপাহার উপজেলার পৃথক সীমান্ত দিয়ে মোট ৪০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। সে সময়ও বিজিবির কঠোর অবস্থান এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতার মুখে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।