
বাবার প্রয়াণেও থেমে যায়নি স্বপ্ন — ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করল প্রিয়ন্তী দাস
দিলীপ কুমার দাশ,স্টাফ রিপোর্টার ,সুনামগঞ্জ
অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং পরিবারের আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রিয়ন্তী দাস। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমগ্র সনাতনী সমাজের মুখ উজ্জ্বল করেছে।
প্রিয়ন্তীর পৈতৃক নিবাস সিলেট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। তার বাবা স্বর্গীয় গোপাল কৃষ্ণ দাস তালুকদার দীর্ঘদিন সিলেট জেলা সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক হিসেবে নিষ্ঠার সঙ্গে কর্মরত ছিলেন। মা সোমা রানী দাস তালুকদার। পাঁচ ভাইবোনের মধ্যে প্রিয়ন্তী তৃতীয়।
প্রায় তিন বছর আগে আকস্মিক হৃদরোগে বাবার অকালপ্রয়াণে পরিবারে নেমে আসে গভীর শোক ও অনিশ্চয়তা। কিন্তু সেই প্রতিকূলতাকে হার মানিয়ে প্রিয়ন্তীর শিক্ষাজীবন যেন থেমে না যায়, সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তার স্নেহময়ী ফুফু। তিনি শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে প্রিয়ন্তীকে ভর্তি করিয়ে নিজের তত্ত্বাবধানে লালন-পালন ও পড়াশোনার ব্যবস্থা করেন। পিসির অকৃত্রিম স্নেহ, ত্যাগ ও নিরলস অনুপ্রেরণাই আজকের এই গৌরবময় সাফল্যের অন্যতম ভিত্তি।
প্রিয়ন্তী শুধু ট্যালেন্টপুলে বৃত্তিই অর্জন করেনি, ২০২৫ সালে শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ের মেধা তালিকায় পঞ্চম স্থান অর্জন করেও নিজের মেধার স্বাক্ষর রেখেছে। বর্তমানে সে জয়কলস উজানিগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
ভবিষ্যতে একজন মানবসেবায় নিবেদিত চিকিৎসক হয়ে প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করতে চায় প্রিয়ন্তী। তার এই অসাধারণ অর্জনের সংবাদে আবেগাপ্লুত হয়ে পড়েন কাকা গৌরাঙ্গ মোহন তালুকদার। তিনি সকলের কাছে প্রিয়ন্তীর জন্য আন্তরিক আশীর্বাদ ও শুভকামনা কামনা করেন, যাতে সে জীবনের প্রতিটি ধাপে আরও সাফল্য অর্জন করে পরিবার, সমাজ ও দেশকে গৌরবান্বিত করতে পারে।
প্রিয়ন্তীর এই সাফল্য শুধু তার পরিবারের নয়; এটি সমগ্র শান্তিগঞ্জের শিক্ষাঙ্গন এবং সনাতনী সমাজের জন্য গর্বের এক উজ্জ্বল অধ্যায়। প্রতিকূলতার মাঝেও অধ্যবসায়, পারিবারিক বন্ধন ও শিক্ষার প্রতি অটল নিষ্ঠা থাকলে যে স্বপ্ন বাস্তবে রূপ নেয়—প্রিয়ন্তী দাস তারই এক অনুপ্রেরণাময় উদাহরণ।