
এসকেএফ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার,মীরসরাই :
এসকেএফ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালে এক বৈজ্ঞানিক (সায়েন্টিফিক) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডা: আশুতোষ নাথ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: আরিফ হোসেন।এতে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসক, চিকিৎসাসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
সেমিনারে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, রোগ নির্ণয়ে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং রোগীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য হলো স্বল্প খরচে উন্নতমানের পরীক্ষা-নিরীক্ষা, আধুনিক চিকিৎসাসেবা এবং আন্তরিক সেবার মাধ্যমে রোগীদের সুস্থ করে তোলা। মানুষের দোরগোড়ায় মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
সেমিনারে উপস্থিত পল্লী চিকিৎসকরা এ ধরনের বৈজ্ঞানিক আলোচনা চিকিৎসাসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।