
জাহিদুল ইসলাম (জাহিদ) জয়পুরহাট।
জয়পুরহাটের কালাইয়ে জমিজমা নিয়ে পূর্বশত্রুতা ও বিরোধের জেরে একটি বাঁশঝাড় থেকে অপরিপক্ক প্রায় ৪০০ থেকে ৪৫০টি বাঁশ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
গত কাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের তালুকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, কেটে ফেলা বাঁশের আনুমানিক মূল্য ৬০ থেকে ৭০ হাজার টাকা।
ভুক্তভোগী আজিজার রহমানের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মাত্রাই মৌজার এমআরআর খতিয়ান নম্বর ৩২৭ ও দাগ নম্বর ৬৫৮-এর ৬৬ শতক জমির মধ্যে চার শতক জমিতে তাঁদের পৈতৃক ওয়ারিশ সূত্রে পাওয়া বাঁশঝাড় রয়েছে। প্রায় ৭০ থেকে ৮০ বছর ধরে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন। জমি নিয়ে পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে সেখানে প্রবেশ করে বাঁশঝাড় থেকে অপরিপক্ষ ৪০০ থেকে ৪৫০টি বাঁশ কেটে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বাঁশ কাটার সময় বাধা দিতে গেলে অভিযুক্তরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় দা, কুড়াল, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একই সঙ্গে জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় রেজাউল ইসলাম, আব্দুস সামাদ, শাহজাহান আলী, আব্দুস সাত্তার, সজল ও আব্দুল মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুস সামাদ বলেন, মানিক আমার নাতি হন। কীভাবে জমি পাবে, ওরা কাগজপত্র নিয়ে বসুক। যার কাগজপত্র সঠিক, তারাই জমি ভোগদখল করবে। মানিকের রোপণ করা বাঁশ কেটে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি প্রশ্নটি এড়িয়ে যান।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল আলম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।