
এস এম মাহমুদুল করিম হাশেমী,লামা (বান্দরবান)
করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ এই অঙ্গীকারকে বুকে ধারণ করে বান্দরবানের লামায় বর্ণিল আয়োজনে পালিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬।
রবিবার (৮ নভেম্বর) সকাল থেকেই লামা উপজেলা চত্বরে ছিল উৎসবের আমেজ। উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে দিবসের শুভ সূচনা হয় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর সমবায়ীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত আলোচনা সভা।
সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক রাসেদের প্রাণবন্ত উপস্থাপনায় এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাবেদ মীরজাদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মিজ সোমাইয়া আক্তার।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহজাহান আলী, লামা থানার উপ-পরিদর্শক শেরে আবরার সাদ, উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার এবং লামা ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায়ী প্রতিনিধি, প্রিন্ট-ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।
আলোচনায় অংশ নেন লামা জীপ মালিক সমিতির সহ-সভাপতি সোলতান আকবর মোমিন, লামা টমটম মালিক সমিতির সভাপতি মো. দুলাল এবং লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপুল কান্তি নাথ।
নিজ বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহজাহান আলী বলেন, “সমবায় আমাদের সমাজ জীবনের প্রাণ। পারস্পরিক সহমর্মিতা আর ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই সমবায়কে সার্থক করে তুলতে হবে।
সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক রাসেদ বলেন, “৫৫তম সমবায় দিবসের চেতনা আমাদের হৃদয়ে লালন করতে হবে। সম্মিলিত উদ্যোগেই আগামীর সুন্দর বাংলাদেশ নির্মাণ সম্ভব।
সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাবেদ মীরজাদা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজ সোমাইয়া আক্তার বলেন, “আজকের প্রতিপাদ্য ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ — এই মন্ত্র আমাদের অন্তরে ধারণ করতে হবে। অপচয় পরিহার করতে হবে। সকলে মিলে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। আমরা প্রত্যেকে ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকবে।
এ সময় তিনি নিজের ছাত্রজীবন, অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও কর্মজীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে বর্তমান অবস্থানে পৌঁছানোর অনুপ্রেরণামূলক গল্প শোনান উপস্থিত সকলকে। তাঁর বক্তব্যে ফুটে ওঠে পরিশ্রম, ধৈর্য ও লক্ষ্য অর্জনে লেগে থাকার গুরুত্ব।
সভায় বক্তারা আরও বলেন, দেশের আর্থ-সামাজিক অগ্রগতি, স্বকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য দূরীকরণে সমবায়ের অবদান অপরিসীম। সমবায়ের মূল শক্তি হলো পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত প্রয়াস। সমবায় সমিতিগুলোকে সঠিক নিয়ম-নীতিতে পরিচালনা এবং সদস্যদের মাঝে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও মজবুত করা সম্ভব।
তাঁরা আরও বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থানের পরিধি বৃদ্ধি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো সম্ভব। এজন্য সমবায় আন্দোলনকে আরও বেগবান ও ফলপ্রসূ করতে সকলকে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সাংবাদিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।