
আফজাল হোসেন শুভ
নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে এই ঘটনা ঘটে। এতে বগিটির চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ট্রেনটি থামার পর সব যাত্রী নেমে যান এবং ট্রেনের গার্ড ও কর্মীরা খাবার খেতে বাইরে যান। ট্রেনের ভেতরে কোনো যাত্রী বা কর্মী না থাকার সুযোগে ভোর ৬টার দিকে দুর্বৃত্তরা ‘ড’ নম্বর বগিতে আগুন ধরিয়ে দেয়।
হঠাৎ বগি থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে ট্রেনের গার্ড, রেলকর্মী এবং স্থানীয়রা দ্রুত ছুটে আসেন। তারা তাৎক্ষণিকভাবে ট্রেনে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনের একটি বগির চারটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কর্মীদের দ্রুত তৎপরতায় আগুন পুরো বগিতে ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং হাওর এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে গেছে।
ঘটনার বিষয়ে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে এবং যে বগিটিতে আগুন দেওয়া হয়েছে সেটি স্টেশনের সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে ছিল। কারা এবং কী উদ্দেশ্যে এই নাশকতা চালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।