
আফজাল হোসেন শুভ
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনের (কপ-৩১) বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে যাত্রা করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ মন্ত্রিসভার সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরসূচি অনুযায়ী, তুরস্কের আনতালিয়ায় ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’ বা বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। সফর শেষে ১৩ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পাবে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি করবে এই সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ।