
মো: আমজাদ হোসেন,চট্টগ্রাম।
সামান্য জ্বর থেকে যে একটি প্রাণ কেড়ে নিতে পারে ডেঙ্গু তারই এক মর্মান্তিক ও হৃদয়বিদারক উদাহরণ সৃষ্টি হলো। ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছে চট্টগ্রামের হালিশহরের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জয়শ্রী দত্ত বর্ষা (১৩)। কাপ্তাইয়ে আত্মীয়ের বিয়েতে বেড়াতে গিয়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয় সে।
নিহত বর্ষা দত্ত হালিশহরের কে ব্লক এলাকার সুপরিচিত টেইলার্স ব্যবসায়ী সুমন দত্তের মেজমেয়ে এবং শাহীন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও পটিয়ার কেঁয়াগড় এলাকাসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি পরিবারসহ কাপ্তাইয়ে এক আত্মীয়ের বিয়েতে অংশ নিতে গিয়েছিলেন সুমন দত্ত। সেখানে কাপ্তাই লেকে সবাই মিলে বেশ আনন্দ ও ঘুরাঘুরি করেন। বিয়ের আনন্দ শেষে গত ২৮ অক্টোবর তারা চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরেন। এর পরপরই বর্ষার হালকা জ্বর আসে।
অবস্থা বেগতিক দেখে সেদিনই তাকে নগরের বড়পুল এলাকার মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত বৃহস্পতিবার তাকে আবারও মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সে না ফেরার দেশে চলে যায়। পরে একই দিনে সন্ধ্যায় আনোয়ারার কেঁয়াগড় গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
মেয়ের এমন হঠাৎ প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা সুমন দত্ত। বুকফাটা আর্তনাদ করে তিনি বলেন, “ঘর থেকে বের হওয়ার সময় বাবা বলে জড়িয়ে ধরত সে। আমার চোখের মণি বর্ষা আজ আর নেই, এ কথা কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না।”
চিকিৎসকরা বলছেন, বর্তমান সময়ে সামান্য জ্বর হলেও তা অবহেলা করা যাবে না। একটু সচেতনতা ও দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াই পারে ডেঙ্গুর মতো মরণব্যাধি থেকে প্রিয়জনদের রক্ষা করতে।