
মোঃ জহিরুল ইসলাম, শেরপুর
বৃক্ষ রোপণ, সাজাই দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় SWABOL Project-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং কমিউনিটি বনায়ন ও পুনঃবনায়নের লক্ষ্যে প্রচারণা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নকলা উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা। অনুষ্ঠানটি স্বপন এর সঞ্চালনায় এবং মহিউদ্দিন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জানানো হয়, SWABOL Project-এর মাধ্যমে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে ৪টি মাদ্রাসা, ৪টি উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান এবং ২টি কলেজ। প্রতিটি প্রতিষ্ঠানে ৪০টি করে মোট ৪০০টি বৃক্ষের চারা রোপণ করা হবে।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ ও বনায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।