
মো: আমজাদ হোসেন, চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মাহবুব আলম সজীব (২৩) নামে এক যুবকের। রহস্যজনক এ ঘটনায় প্রাথমিকভাবে বিষপানের বিষয়টি ধারণা করা হচ্ছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর (রবিবার) রাত সাড়ে ৯টা থেকে ৯ নভেম্বর (সোমবার) ভোর সাড়ে ৫টার মধ্যে যেকোনো একসময় পটিয়া থানাধীন ১৪ নম্বর ভাটিখাইন ইউনিয়নের আলমদারপাড়া এলাকায় তাঁর নানার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। অজ্ঞাত কারণে পরিবারের সদস্যদের সকলের অগোচরে তিনি বিষপান করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত মাহবুব আলম সজীব পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডোবারপাড়া এলাকার (বাঁশি মেম্বারের বাড়ি) বাসিন্দা। তিনি জাহাঙ্গীর আলম ও মেহেররাজ বেগম দম্পতির ছেলে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।