
রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ কর্মশালা শুরু
অপু দাস, রাজশাহী ব্যুরো
প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার বর্তমান বাস্তবতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাইয়ের সক্ষমতা উন্নয়ন এবং ভুয়া তথ্য শনাক্তে সাংবাদিকদের আরও দক্ষ করে তুলতে রাজশাহীতে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ শুরু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের তত্ত্বাবধানে কর্মশালাটির আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। আগামী ১৭ জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল। কর্মসূচি পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেন শান্ত। শুরুতে অংশগ্রহণকারীদের স্বাগত জানান পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সংবাদ সংগ্রহ ও প্রকাশের গতি যেমন বেড়েছে, তেমনি ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও অনেক বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্ব শুধু তথ্য সংগ্রহে সীমাবদ্ধ নয়; তথ্যের সত্যতা যাচাই করেও তা প্রকাশ করতে হবে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সাংবাদিকতার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে, তবে এর ব্যবহার হতে হবে দায়িত্বশীলতা, নৈতিকতা ও পেশাগত সততার সঙ্গে। ফ্যাক্ট চেকিংয়ের দক্ষতা অর্জনের মাধ্যমে গণমাধ্যম আরও নির্ভুল, বিশ্বাসযোগ্য এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সক্ষম হবে। তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ দক্ষ, আধুনিক ও দায়িত্বশীল সাংবাদিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবদুল আউয়াল বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের নতুন প্রযুক্তিতে দক্ষতা অর্জন এখন অত্যন্ত প্রয়োজনীয়। এআই ব্যবহারের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত নৈতিকতা এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি আরও শক্তিশালী করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ রাজশাহীর সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
কর্মশালায় আয়োজকরা জানান, রাজশাহী জেলার সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি বর্তমান সময়ে এআই প্রযুক্তির সম্ভাবনা, সীমাবদ্ধতা, ঝুঁকি এবং সেগুলো মোকাবিলার কার্যকর উপায় নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে অংশগ্রহণকারী সাংবাদিকদের এআই প্রযুক্তির ব্যবহার, ফ্যাক্ট চেকিংয়ের ধাপ ও কৌশল, তথ্য যাচাইয়ের আধুনিক পদ্ধতি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব এবং সাংবাদিকতার নীতিমালা, দায়িত্ব ও পেশাগত আচরণবিধি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
আয়োজকদের মতে, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, ভুয়া তথ্য প্রতিরোধ এবং গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ।