
মো:আমজাদ হোসেন, চট্টগ্রাম।
চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারগামী মাদ্রাসার শিক্ষাসফরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাটের আগে রেলক্রসিং-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে কক্সবাজার যাচ্ছিল।
নিহতরা হলেন মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) এবং সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।
জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে মাদ্রাসা থেকে দুটি বাসে শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী কক্সবাজারের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে একটি বাস কেরানীহাট রেলক্রসিং এলাকা অতিক্রমের পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও পাশের ইটভাটার শ্রমিকেরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে পুলিশ ও সংশ্লিষ্টদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কেরানীহাটসহ চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর স্থানীয় মানুষের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা অনেক যাত্রীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ভোররাতে মহাসড়কে এমন দুর্ঘটনা আবারও যানবাহনের নিরাপত্তা, চালকের সতর্কতা এবং ঝুঁকিপূর্ণ সড়ক অংশের সুরক্ষা নিয়ে প্রশ্ন সামনে এনেছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবসার দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে গণমাধ্যমে জানানো হয়েছে।