
হ্নীলায় কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন, অন্তর্ভুক্ত হচ্ছেন টেকনাফের প্রায় ১৮ হাজার কৃষক
মোহাম্মদ রায়হান ইসলাম, উপজেলা প্রতিনিধি, টেকনাফ)
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ২নং ওয়ার্ডের পূর্বপাড়ায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা কৃষি অফিসের হুমায়ুন কবির, উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন ও নাজিম উদ্দীন, ২নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) বেলাল উদ্দিন, বিএনপি নেতা জানে আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সংশ্লিষ্টরা জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের আওতাধীন এ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে টেকনাফ উপজেলার প্রায় ১৮ হাজার কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণ, হালনাগাদ এবং ভবিষ্যতে কৃষি-সংক্রান্ত বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি খাতকে আরও আধুনিক ও তথ্যভিত্তিক করতে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সকল কৃষককে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে এ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।