
নীলফামারী ডোমারে নিজ সন্তানকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা-মা মোবাইল কোর্টে ৭ মাসের কারাদণ্ড..
সুমন রায়
সৈয়দপুর উপজেলা প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলায় মাদকাসক্ত ছেলের অসহনীয় আচরণে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাকে নিজেরাই পুলিশের হাতে তুলে দিয়েছেন অসহায় বাবা-মা। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে ওই যুবককে ৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পরিবার থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ওই যুবকের কারণে পরিবারে অশান্তি বিরাজ করছিল। পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার এবং নানা বিশৃঙ্খল আচরণে অতিষ্ঠ হয়ে পড়েন তার বাবা-মা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও তাকে মাদকের পথ থেকে ফেরানো সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তারা পুলিশের শরণাপন্ন হন এবং ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
ঘটনাটি নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় বলেন, একজন বাবা-মায়ের জন্য নিজের সন্তানকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত অত্যন্ত কষ্টের। তিনি অভিভাবকদের সন্তানদের ছোটবেলা থেকেই সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ, সঠিক শাসন এবং তাদের চলাফেরার প্রতি নজর রাখার আহ্বান জানান।