
নিজস্ব প্রতিবেদক,
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে হঠাৎ করে প্রাকৃতিক গ্যাসের উদগীরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় গত ২৭ অক্টোবর নলকূপ স্থাপনের জন্য আনুমানিক ১ হাজার ফুট গভীরে ড্রিলিং করার পরপরই এই ঘটনা ঘটে।
ঘটনার আকস্মিকতায় স্থানীয়দের মাঝে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হলে দ্রুত প্রশাসনকে অবহিত করা হয়। পরিস্থিতি মূল্যায়নে ও জরুরি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর দুজন জ্যেষ্ঠ ভূতত্ত্ববিদকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বিশেষজ্ঞ দলটি বর্তমানে কক্সবাজারে অবস্থান করে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
বিশেষজ্ঞদের মত অনুযায়ী, ভূগর্ভস্থ অতিরিক্ত চাপ ও গ্যাস হঠাৎ বাইরে ছড়িয়ে পড়া রোধ করতে বর্তমানে গ্যাসকে উন্মুক্তভাবে নির্গমন হতে দেওয়া হচ্ছে, যাতে স্বয়ংক্রিয়ভাবে আগুন জ্বলতে জ্বলতে ভেতরে জমা গ্যাসের চাপ কমে আসে। বিশেষজ্ঞদের ধারণা, আগামী ১৫ দিনের মধ্যে এই আগুনের তীব্রতা ও গ্যাসের প্রবাহ ক্রমান্বয়ে স্বাভাবিক হয়ে আসবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে আগুনের শিখা ও প্রবাহ না কমলে বিশেষজ্ঞ দলের প্রত্যক্ষ সহায়তায় বিকল্প পদ্ধতিতে অগ্নিনির্বাপণ এবং গ্যাস নির্গমন পথ বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে।
জননিরাপত্তা নিশ্চিত করতে দুর্ঘটনাস্থলের ১০০ মিটার এলাকা জুড়ে সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ও সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটি কর্ডন করে রেখেছে। বর্তমানে পেট্রোবাংলা, বাপেক্স এবং কক্সবাজার জেলা ও উপজেলা প্রশাসন সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি তদারকি করছে।
একই সাথে, ওই এলাকায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্য মজুত রয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে নিরূপণে শিগগিরই ভূতাত্ত্বিক জরিপ ও দ্বিমাত্রিক (২ডি) সাইসমিক জরিপসহ প্রয়োজনীয় ভূ-বিজ্ঞানের সার্বিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।