
রাজশাহীর মোহনপুরে র্যাব-৫ এর অভিযানে ৩১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার এক মাদক কারবারি
অপু দাস, রাজশাহী ব্যুরো।
রাজশাহীর মোহনপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। এ সময় তার এক সহযোগী পালিয়ে গেলেও তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
র্যাব সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, অস্ত্র, সংঘবদ্ধ অপরাধ, ছিনতাই, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ দমনে বাহিনীটি ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টা ১০ মিনিটে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে মোহনপুর উপজেলার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. মুকুল ওরফে কালু (৪০) নামে এক ব্যক্তিকে ৩১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের বাসিন্দা। তবে অভিযানের সময় ট্রাকচালক মো. রাজু মিয়া (২০) নামে আরেক অভিযুক্ত কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
প্রাথমিক তদন্তে র্যাব জানতে পারে, গ্রেপ্তার মুকুল ও পলাতক রাজু দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদক কারবার পরিচালনার অভিযোগের সত্যতাও প্রাথমিকভাবে পাওয়া গেছে বলে জানানো হয়।
র্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মুকুল উদ্ধার হওয়া গাঁজা নিজের হেফাজতে রাখা এবং বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের বিষয়টি স্বীকার করেছেন। একই সঙ্গে মাদক সংগ্রহ ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার বিষয়েও তিনি তথ্য দিয়েছেন।
অভিযান শেষে উদ্ধার হওয়া ৩১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার মুকুল ও পলাতক রাজু মিয়ার বিরুদ্ধে রাজশাহীর মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে র্যাব-৫ জানিয়েছে।