
সাজা এড়িয়ে পলাতক, শেষ রক্ষা হলো না!
বগুড়ায় র্যাবের পৃথক অভিযানে মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।
সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার, বগুড়া:
বগুড়া সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে (র্যাব-১২)।
র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) রাতে সদর উপজেলার উপশহর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নিপু (২৬)-কে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়া সদরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
একই রাতে সদর উপজেলার আর্মড পুলিশ ব্যাটালিয়ন এলাকার সামনে আরেকটি অভিযান চালিয়ে মাদক মামলায় এক বছর দুই মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি মো. মাহিন কাজী (৩৮)-কে আটক করা হয়। তিনি সদর উপজেলার ধাওয়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিই দীর্ঘদিন ধরে আদালতের সাজা এড়িয়ে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।